সংযম, সহমর্মিতা ও মানবিকতার চেতনায় ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান
মোঃ মুবিনুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুচ চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি মগনামা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা সংযম, আত্মশুদ্ধি ও মানবতার যে মহান শিক্ষা অর্জন করে, ঈদুল ফিতর সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের এক অনন্য সুযোগ এনে দেয়।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানান, যেন তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এগিয়ে আসেন।
বার্তায় তিনি উল্লেখ করেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি সকলের জন্য একটি আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ কামনা করেন।