জি,এম জিয়াউল হাসান (জিল্লুর) ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনার ৬ নম্বর ঘাট এলাকার পল্টুনে বন্ধুদের সাথে বসে থাকা অবস্থায় শুভ সাহা নামের এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে একটি ট্রলারযোগে কয়েকজন সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এখনো পর্যন্ত পুলিশ ওই যুবকের কোন সন্ধান বের করতে পারেনি। অপহরেণর শিকার শুভ সাহা'র পরিবার তার সন্ধান পেতে খালিশপুর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন । তবে এখনো পর্যন্ত কোন মামলা পুলিশ নেয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
অপহরণের শিকার শুভ সাহা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কৃঞ্চনগরের দিপঙ্কর সাহা'র পুত্র। বর্তমানে খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় ভাড়া থাকেন তারা।
শুভ সাহার পরিবার সুত্র জানায়, গতকাল ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় ৬ নম্বর ঘাট এলাকায় বন্ধুদের সাথে বেড়াতে যায় শুভ। তার বন্ধুদের সাথে ঘাটের পল্টুনে বসে চা পান করছিলো। রাত আনুমানিক ৯ টার দিকে একটি ট্রলারযোগে কয়েকজন সন্ত্রাসী এসে অস্ত্রের মুখে শুভ সাহাকে ট্রলারে তুলে নিয়ে চলে যায়।
এবিষয় জানতে পেরে রাতেই পরিবারের সদস্যরা খালিশপুর থানায় গিয়ে ঘটনা জানান। থানা থেকে বলা হয় চেষ্টা করা হচ্ছে তার সন্ধানের। সকালে মামলা নেয়া হবে। আজ ৪ ফেব্রুয়ারি সকাল থেকে পরিবারের সদস্যরা থানায় ধরনা ধরলেও বিকেল ৪টা নাগাদ মামলা নেয়া হয়নি। তাছাড়া অপহরণের শিকার শুভ সাহারও কোন সন্ধান মেলেনি।
এবিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান নবদিগন্ত কে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের সণাক্ত করনে আইনগত প্রক্রিয়া চলছে।