স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. রুপসানা বেগম (২৫) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রুপসানা বেগম অসুস্থ ছিলেন। স্বামী শহিদুল ইসলাম স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করাচ্ছিলেন। তবে রুপসানার বাপের বাড়ির লোকজন দাবি করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়—এটি হত্যা।
মৃত রুপসানার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী শহিদুল ইসলামের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন রুপসানা। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও নির্যাতন বন্ধ হয়নি। অবশেষে নির্যাতনের জেরেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তারা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে যে রুপসানাকে হত্যা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।