সিরাজগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে আলোচনায় রয়েছেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলী। স্থানীয় ভোটারদের সিংহভাগ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।তিনি ধামাইনগর ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত সাবেক সভাপতি। ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খন্দকার রমজান আলী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি রাজপথের একজন পরীক্ষিত সৈনিক।তিনি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক দুই বারের সভাপতি ও প্রস্তুত কমিটির অন্যতম সদস্য। কর্মীবান্ধব, সহজ-সরল ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।
খন্দকার রমজান আলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের বিপুল ভোটে একাধিক বার সদস্য (মেম্বার) নির্বাচিত হন এবং সততা ও সুনামের সহিত ১৪ বছর দায়িত্ব পালন করেন।
সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, দু:স্থ ও অসহায় মানুষের বিভিন্ন ভাতা প্রাপ্তিতে সহযোগীতা, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।খন্দকার রমজান আলী সত্য রেখা প্রতিনিধিকে বলেন ইউপি সদস্য থাকাকালে ধামাইনগর ইউনিয়নের মানুষের কল্যাণে সাধ্যমতো কাজ করেছি। কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমুলক কাজ অসমাপ্ত রয়েছে। সেগুলো সম্পন্ন করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ধামাইনগরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের সেবা করব ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোটই তার রাজনৈতিক পথচলার মূল শক্তি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক শুরু হয়েছে। সৎ,যোগ্য, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতৃত্বের মাধ্যমে ধামাইনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে এমনটাই আশা করছেন এলাকাবাসী।