হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
একসঙ্গে খেলতে বের হয়েছিল দুই শিশু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তেরনই নদীর পানিতে ডুবে নিভে যায় তাদের দুটি প্রাণ। একই দিনে একই গ্রামের দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল বস্তি গ্রাম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি এলাকায় তেরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু দুজন হলো এহেসান (৫) ও কাউসার (৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, এহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি এবং জাহিদ হাসান জাহানুরের ছেলে। অন্যদিকে কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত এক ব্যক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই শিশু বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা তেরনই নদীর পানিতে পড়ে যায় বলে স্থানীয়দের ধারণা। পরে বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন নদীতে নেমে শিশু দুটিকে খুঁজতে শুরু করেন।
পরে তাদের নদীর পানি থেকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়ার পরও শিশু দুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই পরিবারের সদস্যদের কান্নায় এখন ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একই বয়সী দুই শিশুর আকস্মিক মৃত্যুতে জগদল বস্তি গ্রামের মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।