জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৭১তম সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এ সিরাত মাহফিলে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবন,আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ।
মাহফিলে বক্তারা পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। তারা বলেন,মহানবীর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি,পরিবার ও সমাজে শান্তি,সম্প্রীতি,সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। একই সঙ্গে ইসলামের শান্তি ও কল্যাণের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মারুফ হাসান খোকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন,বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও দেশবরেণ্য আলেম মাও: রাকিবুল ইসলাম। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর সিরাজী।এ সময় অন্যান্য ওলামা-মাশায়েখগণও কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সিরাত মাহফিলের সমাপনী রাতে দেশ, জাতি,মুসলিম উম্মাহ এবং সলঙ্গাবাসীর সার্বিক কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লিয়ানগণ অংশ নেন।
পরে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।ধর্মীয় এ আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।