
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে অবৈধ মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (০৫ মার্চ) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানটি বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় পরিচালিত হয়। এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— উত্তম বাঁশফোড় (৩০), পিতা মৃত রুখিলাল, সাং রেলওয়ে কলোনি; মো. স্বপন শেখ (২৫), পিতা মো. আমজাদ শেখ, সাং চক সূত্রাপুর; এবং মো. সবুজ (২৫), পিতা মো. আনসার আলী, সাং দাড়াইল বাজার, থানা গাবতলী।ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।