
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহার ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুটি সার গুদাম সিলগালা করেছে। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামে দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার চাঁপাপুর গুদামে মজুদ না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে। বৃহস্পতিবার রাতে স্থানীয় জনসাধারণ বিষয়টি জানতে পেরে দুটি গুদাম ঘেরাও করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উল্লেখিত গুদামে অভিযান পরিচালনা করেন। এরপর ভ্রাম্যমান আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারী সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া দুটি সার গুদামে পাচারের জন্য মজুদ রাখা ১৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন।