
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ভেজাল জিরা মসলা তৈরির দায়ে মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মালিক মো. শাহীন আলম (৩২)-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ মার্চ) সিপিএসসি বগুড়া, র্যাব-১২ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানায় ভেজাল উপাদান দিয়ে জিরা মসলা তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।