
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার): আজ সাভার সেনানিবাসস্থ রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি, জিওসি ৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সাভার এরিয়া। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট আরভিএন্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে আরভিএন্ডএফ কোরের জ্যেষ্ঠতম অফিসার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্তৃক ‘কর্নেল কমান্ড্যান্ট ব্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আরভিএন্ডএফ কোরের উন্নয়ন এবং এ কোরের সকল সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা উন্নয়নে সকলকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, আরভিএন্ডএফ কোরের সকল অধিনায়ক এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।